সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ভুয়া ও ভিত্তিহীন, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৫:০৬ পিএম

এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ভুয়া ও ভিত্তিহীন, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ছবি - সংগৃহীত

বোর্ডের এইচএসসি পরীক্ষা নিয়ে একটি নতুন রুটিন প্রচার করা হচ্ছিল। তবে এই তথ্যকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং শিক্ষার্থীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়েছিল যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এই তথ্যের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, রুটিন বা গুরুত্বপূর্ণ নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড পেজে প্রকাশ করা হয়। তাই যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিটি।