বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

প্লেব্যাক গান নিয়ে বড় ঘোষণা দিলেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ১২:১৯ পিএম

প্লেব্যাক গান নিয়ে বড় ঘোষণা দিলেন শ্রেয়া ঘোষাল

সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল

ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল তাঁর সংগীতজীবন ও গানের শব্দচয়ন নিয়ে এক কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। সম্প্রতি প্লেব্যাক সংগীত নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন যে তথাকথিত অশালীন বা আপত্তিকর শব্দ সংবলিত গান তিনি আর কখনোই গাইবেন না। 

বিশেষ করে তাঁর ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান ‘চিকনি চামেলি’র মতো গানের লিরিক্স নিয়ে এখন তিনি অনুতপ্ত। দীর্ঘ দুই দশকের সফল ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিলেও বর্তমানে তিনি গান নির্বাচনের ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেন যে আধুনিক অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয় যা অত্যন্ত নেতিবাচক বার্তা দেয়। 

তিনি লক্ষ্য করেছেন যে ছোট শিশুরাও এসব গানের অর্থ না বুঝে তা গেয়ে থাকে যা একজন শিল্পী হিসেবে তাঁকে বিব্রত ও অস্বস্তিতে ফেলে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাঁর এই অবস্থানের সমালোচনা করে তাঁকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেছেন কিন্তু তিনি তাঁর অবস্থানে অটল রয়েছেন। সমালোচকদের দাবি ছিল যে অতীতে তিনি নিজেই এ ধরনের গান গেয়েছেন এবং কনসার্টেও সেসব পরিবেশন করেন।এই সমালোচনার জবাবে রাজ শামানীর পডকাস্টে শ্রেয়া ঘোষাল নিজের অবস্থান পরিষ্কার করেছেন। 

তিনি জানান যে যখন তিনি ‘চিকনি চামেলি’র মতো গানগুলো রেকর্ড করেছিলেন তখন তাঁর বয়স ও জীবনবোধ যথেষ্ট পরিপক্ক ছিল না। সে সময় গানের শব্দের ভেতরের অনেক গভীর বা দ্ব্যর্থবোধক অর্থ তিনি অনুধাবন করতে পারেননি। তবে সময়ের সাথে সাথে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে এবং এখন তিনি নিজের শিল্পমান নিয়ে অনেক বেশি সচেতন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তাঁর অনেক ঘনিষ্ঠ সুরকার বন্ধুও পরবর্তীতে এ ধরনের গানের প্রস্তাব দিলেও তিনি তা সরাসরি নাকচ করে দিয়েছেন। জনপ্রিয়তার চেয়ে নিজের নীতি ও রুচিবোধকে অগ্রাধিকার দেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।