বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জোভান ও নাজনীন নীহার নতুন নাটক ‘গুডলাক’: চমক থাকছে এই ঈদে

বিনোদন ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৪:৪৫ পিএম

জোভান ও নাজনীন নীহার নতুন নাটক ‘গুডলাক’: চমক থাকছে এই ঈদে

নাটকের একটি দৃশ্যে জোভান ও নীহা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য একটি মিষ্টি ও বোকা প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গুডলাক’। জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী নাজনীন নীহাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে এই নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইমরোজ শাওন। রায়হান মাহমুদের চিত্রনাট্যে নাটকটির চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ। 

দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান।

নাটকটির কাহিনী ও প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা ও সংশ্লিষ্ট কলাকুশলীরা এখনই সবটুকু প্রকাশ করতে রাজি হননি। তবে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে যে, একজন সহজ-সরল ও বোকা প্রেমিকের আনন্দময় ও প্রাণবন্ত প্রেমের গল্পকে কেন্দ্র করেই ‘গুডলাক’ নাটকটি সাজানো হয়েছে। 

এতে যেমন তারুণ্যের ক্যাম্পাসের পরিবেশ রয়েছে, তেমনি একটি সুন্দর পারিবারিক আবহও ফুটে উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নাটকে অভিনেতা জোভানের চরিত্রে এমন একটি বিশেষ চমক রাখা হয়েছে যা দেখে দর্শকরা বেশ অবাক হবেন। নাটকটি দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী বিনোদনের অভিজ্ঞতা দেবে বলে আশা প্রকাশ করছেন নির্মাতা।প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু নাটকটি প্রসঙ্গে জানান, প্রতিবারের মতো এবারও ঈদ উৎসবকে কেন্দ্র করে সিএমভির ব্যানারে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

 এই বিশেষ উৎসবের জন্য তারা মোট ২০টি মানসম্মত নাটক প্রস্তুত করছেন, যার মধ্যে ‘গুডলাক’ অন্যতম। তিনি আরও জানান, ঈদের চাঁদরাত থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে সবগুলো নাটক প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। দর্শক চাহিদার কথা মাথায় রেখে প্রতিটি নাটকের গল্প ও নির্মাণের ক্ষেত্রে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছেন।