বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র দুটি বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৭:০৪ পিএম

পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র দুটি বিশেষ প্রদর্শনী

মঞ্চে স্বপ্নদলের চিত্রাঙ্গদা

‘বর্ষ আসুক বর্ষ যাক, থিয়েটার চিরসাথী থাক’— এই স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ বরণে বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে দেশের অন্যতম নাট্যসংগঠন স্বপ্নদল। পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে দলটির দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। 

এদিন নাটকটির ১২২ ও ১২৩তম মঞ্চায়ন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পহেলা বৈশাখের উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে এই প্রযোজনাটি নির্মিত হয়েছে। গবেষণাগার নাট্যরীতিতে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।নাটকের প্রেক্ষাপট মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান থেকে নেওয়া। রবীন্দ্রনাথ ১৮৯২ সালে এটি কাব্য নাট্যরূপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে রচনা করেন। 

স্বপ্নদলের এই প্রযোজনাটি মূলত কাব্যনাট্য পাণ্ডুলিপিকে ভিত্তি করে গড়ে উঠেছে। গল্পের কাহিনীতে দেখা যায়, মহাবীর অর্জুন ব্রহ্মচর্য পালনকালে মণিপুর বনে আসেন এবং সেখানে মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে তাঁর পরিচয় হয়। অর্জুন প্রথমে রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করলেও পরে প্রেমের দেবতা মদন ও বসন্তের সহায়তায় চিত্রাঙ্গদা এক বছরের জন্য অপরূপ সুন্দরী হয়ে ওঠেন। এরপর অর্জুন তাঁর প্রেমে পড়লেও চিত্রাঙ্গদার মনে এক গভীর দ্বন্দ্ব শুরু হয়— অর্জুন কি তাঁর বাহ্যিক রূপকে ভালোবাসছেন নাকি তাঁর প্রকৃত অস্তিত্বকে?

পৌরাণিক কাহিনীর আড়ালে বর্তমান সময়ের নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি এই নাটকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্বপ্নদলের এই প্রযোজনায় অভিনয় করছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া ও অনিন্দ্যসহ আরও অনেকে। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ।

উল্লেখ্য, ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডির আমন্ত্রণে বিশ্বখ্যাত ‘২৩তম ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’-এ অংশ নিয়ে দুটি প্রদর্শনীসহ দেশ-বিদেশে নিয়মিত মঞ্চায়নের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে স্বপ্নদল। বৈশাখের উৎসবে শিল্পকলা একাডেমির এই প্রদর্শনী নাটকপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছেন আয়োজকরা। থিয়েটার সংশ্লিষ্টরা মনে করেন, এমন ধ্রুপদী আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের গভীরতা পৌঁছে দেওয়া সম্ভব। আগামীকাল বিকেল থেকেই স্টুডিও থিয়েটার হল প্রাঙ্গণে টিকিট পাওয়া যাবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।