বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নতুন বছরে নতুন রূপে অপু বিশ্বাস, জানালেন শুভেচ্ছা

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৩:২৫ পিএম

নতুন বছরে নতুন রূপে অপু বিশ্বাস, জানালেন শুভেচ্ছা

বৈশাখী সাজে অপু বিশ্বাস

বৈশাখী উৎসবের রঙে মেতেছে পুরো দেশ। ১৪৩৩ বঙ্গাব্দের এই মাহেন্দ্রক্ষণে বাঙালিয়ানার ষোলো কলা পূর্ণ করে ভক্তদের মাঝে ধরা দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। জাঁকজমকপূর্ণ সাজ আর চিরায়ত স্নিগ্ধতায় নিজেকে মেলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছেন নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। প্রকাশিত ছবিগুলোতে তাকে দেখা যায় একবারে দেশি আমেজে। তার পরনে ছিল সাদা রঙের শাড়ি, যাতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া রয়েছে। এই সাজের মাধ্যমে তিনি যেন বৈশাখ ও বসন্তের এক অপূর্ব সংমিশ্রণ ফুটিয়ে তুলেছেন।

সাজসজ্জার বিশেষত্ব ছিল শাড়ির পাড়ের গাঢ় নীল রঙের আভিজাত্য। দুই হাত ভর্তি রঙিন কাঁচের চুড়ি অপুর লুকে যোগ করেছে এক অনন্য মাত্রা।

 এছাড়া গলায় পরেছিলেন জমকালো গয়না, যা তার পুরো ব্যক্তিত্বে এক রাজকীয় আভা ছড়িয়ে দিয়েছে। নতুন বছরের প্রথম দিনেই প্রিয় নায়িকার এমন স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ তার অনুরাগীরা।ছবির ক্যাপশনে চিত্রনায়িকা তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করার পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে এবং ভক্তদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন এই চিত্রনায়িকা।

বর্তমানে অপু বিশ্বাস সিনেমার কাজের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে ব্যস্ত সময় পার করছেন। নববর্ষের এই আনন্দক্ষণে ভক্তদের সঙ্গে তার এই ভার্চুয়াল উপস্থিতি উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।