এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৩২ পিএম
নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পছন্দ নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
তাসনিয়া ফারিণ তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার তেমন কোনো আগ্রহই ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করা ছাড়া তার ড্রেসিং টেবিলে থাকত কেবল একটি চিরুনি আর পারফিউম।
তিনি উল্লেখ করেন, "সত্যি বলতে তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।"
ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মূলত মেকআপের সঙ্গে তার পরিচয় ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ থেকে ড্রামাটিক—নানা লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। তবে নিজের অবস্থান স্পষ্ট করে ফারিণ বলেন, "ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। কিন্তু আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।"
ব্যক্তিগত জীবনে ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণের ক্ষেত্রে তিনি বেশির ভাগ সময় ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন। তবে কাজের জায়গায় এসে বিষয়টা ভিন্ন হয়ে যায় বলে মনে করেন এই অভিনেত্রী।
ফারিণ বলেন, "নিখুঁত দেখানোর এক ধরনের অদৃশ্য চাপ সব সময় কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে। আর সেই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।"
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, এখন থেকে তিনি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করেন, সেভাবেই নিজেকে উপস্থাপন করবেন। ফারিণ ইঙ্গিত দেন, বিষয়টি শুধু মেকআপে সীমাবদ্ধ নয় বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন