বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জনপ্রিয় কে-ড্রামা অভিনেতার মানহানি, ইউটিউবার গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০২:০৮ পিএম

জনপ্রিয় কে-ড্রামা অভিনেতার মানহানি, ইউটিউবার গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার কে-ড্রামার সুপরিচিত মুখ অভিনেতা কিম সু-হিয়ানের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে মিথ্যা তথ্য ছড়ানোয় এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কিম সে-উই দেশটির তুমুল জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘হোভার ল্যাব’ এর প্রধান ও একজন সাবেক টেলিভিশন সাংবাদিক। 

প্রমাণ নষ্ট বা পালিয়ে যাওয়ার আশঙ্কায় সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাঁর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।ইউটিউবার আর্থিক লাভের উদ্দেশ্যে সচেতনভাবে এই ভুয়া তথ্য ছড়িয়েছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, এই ইউটিউবার মেসেঞ্জার অ্যাপ ‘কাকাওটক’ এর চ্যাট স্ক্রিনশট বিকৃত করার পাশাপাশি এআই প্রযুক্তির সাহায্যে ভুয়া অডিও ক্লিপ তৈরি করেছিলেন। সেই বিকৃত তথ্যে দাবি করা হয়, অভিনেতা কিম সু-হিয়ান এবং প্রয়াত অভিনেত্রী কিম সে-রন যখন মিডল স্কুলের শিক্ষার্থী ছিলেন, তখন তাদের মধ্যে সম্পর্ক ছিল। 

একই সাথে কিম সু-হিয়ানের চাপের কারণে কিম সে-রন আত্মহত্যা করেছেন বলেও একটি অবাস্তব অভিযোগ তোলা হয়। তারকা কিম সু-হিয়ানের ক্যারিয়ার এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।সোশ্যাল মিডিয়ায় তিনি ১০ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন।তাঁর একাধিক ব্যবসায়িক বিজ্ঞাপন এবং টেলিভিশন চুক্তি ইতোমধ্যে বাতিল করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। 

এমনকি ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিরিজ ‘নক-অফের’ মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে। ভুয়া কনটেন্টের মাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবন বিপন্ন করার এই অপরাধের বিরুদ্ধে সিউল পুলিশ কড়া আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ