মে ২৭, ২০২৬, ০২:৫৯ পিএম
অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের হঠাৎ অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তাঁর পরিবার। চলতি মাসের ১৫ তারিখ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সবচেয়ে হাসিখুশি ও প্রাণবন্ত এই সদস্যকে ছাড়া এ বছরই প্রথম বিষাদময় ঈদ করতে হচ্ছে তাঁদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট করেছেন কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ।ঈদের আগের দিন মঙ্গলবার পারিবারিক একটি পুরনো ছবি শেয়ার করে কায়সার হামিদ জানান, এবারের ঈদ তাঁর জন্য কোনো আনন্দের বার্তা আনেনি।
মাঝখানের লাল পরীটা হঠাৎ আকাশে উড়ে চলে গেছে এবং কারিনাকে ছাড়া এটিই তাঁদের প্রথম ঈদ উৎসব। মেয়েটি নিজে আনন্দ করতে এবং মানুষকে আনন্দে রাখতে পছন্দ করত।
ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে ঈদের আনুষ্ঠানিকতা পালন করলেও প্রতিটি মুহূর্তেই মেয়ের তীব্র অনুপস্থিতি অনুভূত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।পোস্টের শেষে তিনি নিজের মেয়েকে উদ্দেশ্য করে ঈদ মোবারক জানান।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক পোস্টে তিনি মেয়ের নানা স্মৃতি স্মরণ করে দুঃখ প্রকাশ করেছিলেন। মেয়ের এই অকাল প্রয়াণ সহ্য করা পরিবারের জন্য কঠিন হয়ে উঠেছে। প্রতিদিনের পারিবারিক জীবনে কারিনার রেখে যাওয়া শূন্যতা প্রতিনিয়ত গভীর হচ্ছে বলে জানান সাবেক এই ক্রীড়াবিদ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন