মে ২৭, ২০২৬, ০৩:৫০ পিএম
ঈদুল আজহা এলে সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও ফিরে যান শৈশব ও কৈশোরের ফেলে আসা নানা স্মৃতির কাছে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তাঁর জীবনের সেই দিনগুলোর কথা স্মরণ করে কোরবানির পশু কিনতে যাওয়ার বিশেষ অভিজ্ঞতা ভাগ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরোনো ঈদ স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই চিত্রতারকা।ছোটবেলায় বাবার হাত ধরে গরুর হাটে যাওয়ার আনন্দই ছিল সম্পূর্ণ আলাদা।
সিয়াম জানান, হাটজুড়ে ঘুরে ঘুরে গরু দেখা, পছন্দ করা এবং দরদাম করার সবকিছুতেই এক অন্যরকম উচ্ছ্বাস কাজ করত। আর পশু কেনা শেষ হলে নিজের হাতে দড়ি ধরে সেটিকে বাড়ি ফিরিয়ে আনার মুহূর্তটাই ছিল তাঁর কাছে সবচেয়ে আনন্দের।
উপার্জন শুরু করার পর থেকেই প্রতি ঈদুল আজহায় কোরবানির পশু কেনার জন্য বাবার হাতে আলাদা করে টাকা তুলে দেন তিনি। নিজের উপার্জনের টাকায় বাবার পাশে দাঁড়াতে পারার অনুভূতিকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেই মনে করেন এই অভিনেতা।কিন্তু এই প্রাপ্তির মাঝেও কোথাও যেন রয়ে গেছে এক টুকরো শূন্যতা।
সিয়ামের ভাষায়, এখন সামাজিক দায়িত্ব আর কর্মব্যস্ততার ভিড়ে হারিয়ে গেছে ছোটবেলার সেই নিখাদ আনন্দ। এখন আর গরুর দড়ি ধরে বাড়ি ফেরার সেই আগের উচ্ছ্বাস একদমই অনুভব করেন না তিনি। জীবনের বাস্তবতা বদলে গেলেও শৈশবের সেই বিশেষ স্মৃতিগুলোই আজও তাঁর ঈদের দিনগুলোকে মনের মণিকোঠায় নাড়া দেয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন