শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

চার সন্তানের উপস্থিতিতে নতুন জীবনে আমির খান

বিনোদন ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৪:০১ পিএম

চার সন্তানের উপস্থিতিতে নতুন জীবনে আমির খান

বলিউড সুপারস্টার আমির খান এবং তাঁর দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়। দীর্ঘদিন সম্পর্কের পর এই পরিণয়ে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।বিয়ের আসরে আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান ও গৌরীর এক পুত্রসন্তান উপস্থিত ছিলেন।

মু্ম্বাইয়ের বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ১৫০ জন ঘনিষ্ঠ অতিথি বিয়ের আয়োজনে অংশ নেন। শনিবার থেকেই আমিরের বান্দ্রার বাড়িটি ফুল ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবিতে দেখা যায়, আইনি নথিতে সই করার সময় আমির ও গৌরীর মাঝে দাঁড়িয়ে আছেন গৌরীর ছেলে। আমিরের পরনে ছিল সাদা কুর্তা এবং গৌরী পরেছিলেন বেজ রঙের ফুলহাতা পোশাক ও মানানসই গয়না। ছবিতে আমিরের ছেলে আজ়াদকেও তাঁর পাশে দেখা গেছে।

আমির ও গৌরীর সম্পর্কের শুরু প্রায় ২৫ বছর আগে। তবে গত দুই বছর ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে প্রেমের সম্পর্কে ছিলেন। আমিরের বোনের মাধ্যমে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তাঁদের পরিচয় হয়। গত বছর আমিরের ৬০তম জন্মদিনে তিনি গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। প্রথমদিকে আমির বিয়ে নিয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে ঘরোয়া আয়োজনে নতুন জীবন শুরু করলেন।

তবে আমির বা গৌরী কেউই এখন পর্যন্ত বিয়ের কোনো ছবি বা বিবৃতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেননি। বিয়ের দিন বলিউডের আমিরের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে ভক্তরাও তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।