আগস্ট ৩১, ২০২৬, ০৭:১৮ পিএম
ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সোমবার নিজের ফেসবুক পেজে লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি নিজেই প্রকাশ্যে এনেছেন তিনি। পরে গণমাধ্যমের কাছেও বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
লাল লেহেঙ্গায় বধূবেশ। বিয়ে সম্পন্ন হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি জান্নাত লিখেছেন, আমার নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি কাউকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার জন্যও ভক্তদের প্রতি অনুরোধ জানান এই তারকা। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আরও আগেই সম্পন্ন হয়েছিল। এতদিন ব্যক্তিগত জীবন আড়াল রাখতেই স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এখনো স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় জানাননি অভিনেত্রী। তবে তিনি নিশ্চিত করেছেন যে তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। উপযুক্ত সময়ে তার পরিচয় সবার সামনে আনবেন তিনি।
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মিষ্টি জান্নাত। এরপর চিনি বিবি, আমি নেতা হবো, তুই আমার এবং তুই আমার রানি সহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনয় ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের সুবাদে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন