অক্টোবর ৭, ২০২৬, ০২:৫৩ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তাঁদের পরিবারে এবার আসতে চলেছে নতুন অতিথি। কন্যাসন্তান সারায়াহর প্রথম জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই আবারও মা হওয়ার ঘোষণা দিলেন এই বলিউড অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করে জীবনের এই নতুন অধ্যায়ের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিয়ারা।
ওই ছবিতে সিদ্ধার্থ ও মেয়ে সারায়াহর পাশাপাশি তিনজনের হাতে দেখা যায় এক জোড়া ছোট্ট শিশুর বোনা জুতো। গত বছর প্রথম সন্তান আসার সময় যেভাবে খবরটি জানিয়েছিলেন তারা, এবারও প্রায় একই ধাঁচের আবেগী ছবি প্রকাশ করেছেন এই দম্পতি। ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘এমন এক অমূল্য আশীর্বাদে হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরে উঠেছে।’
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকাদম্পতির। এরপর গত বছরের নভেম্বরে তাঁদের প্রথম সন্তান সারায়াহ পৃথিবীতে আসে। মা হওয়ার পর খুব বেশি দিন ক্যামেরা থেকে দূরে থাকেননি কিয়ারা। চলতি বছরেই দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় কাজ করেছেন তিনি।
মাতৃত্ব নিজের ভেতর কতটা রূপান্তর এনেছে, তা নিয়ে সম্প্রতি রাজ শামানির পডকাস্টে খোলামেলা কথা বলেছেন কিয়ারা। তাঁর ভাষ্যমতে, মা হওয়ার পর জীবন সম্পূর্ণ নতুন এক মোড় নেয়। এমনকি নিজেকে আরও স্বাধীন ও শক্ত মানসিকতার বা ‘টাইগ্রেস’ মনে হয় বলে জানান এই অভিনেত্রী।
কাজের প্রতি কিয়ারার এই একাগ্রতার প্রশংসা করেছেন ‘টক্সিক’ সিনেমার সহ-অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি জানান, সিনেমাটির একটি ভারী বৃষ্টির দৃশ্যে শুটিং করার সময় কিয়ারা ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক নানান জটিলতা ও প্রতিকূলতা সত্ত্বেও এতটুকু না দমে দৃশ্যটির কাজ নিখুঁতভাবে শেষ করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ব্যবসাসফল সিনেমা ‘শেরশাহ’-র সেটে প্রথম কাছাকাছি আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিনেমায় ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ এবং ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন কিয়ারা। পর্দার সেই প্রেম কালক্রমে বাস্তব জীবনেও রূপ নেয়। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ তা পরোক্ষভাবে স্বীকার করেন তারা, যা পরবর্তীতে জাঁকজমকপূর্ণ বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন