জুলাই ৬, ২০২৬, ১১:০২ পিএম
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আরও দক্ষ করে তোলার লক্ষ্যে এই পুনর্গঠন প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। কোম্পানিটির মোট জনবলের প্রায় ২ দশমিক ১ শতাংশ এই সিদ্ধান্তের আওতায় পড়বে।সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বর্তমানে মাইক্রোসফট এআই অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে এবং ব্যবসায়িক কার্যক্রমে এআই-এর ব্যবহার দ্রুত সম্প্রসারণ করছে।
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে এআই নিয়ে বিনিয়োগের প্রতিযোগিতা তীব্র হয়েছে। এ বছর এই খাতে মোট বিনিয়োগ ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বড় প্রযুক্তি কোম্পানিগুলো উচ্চ ব্যয় সামলাতে এবং লাভজনকতা বজায় রাখতে কঠোর চাপের মুখে পড়েছে। অ্যামাজন ও মেটার মতো কোম্পানিগুলোও চলতি বছর হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে।
দীর্ঘ সময় ধরে শেয়ারবাজারে দুর্বল অবস্থানের পর মাইক্রোসফট নতুন এই সিদ্ধান্তের কথা জানাল। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারের মূল্য প্রায় ২৩ শতাংশ কমেছে, যা ২০২২ সালের পর বছরের প্রথমার্ধে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স। এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি।
এআই-এর দ্রুত প্রসারের ফলে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং ব্যবসায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও, ডেটা সেন্টার নির্মাণে বিপুল বিনিয়োগের প্রয়োজন হচ্ছে। এতে কোম্পানির নগদ অর্থপ্রবাহের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে মেমরি চিপের দাম বেড়ে যাওয়ায় এক্সবক্স গেমিং কনসোলের মূল্যও বাড়িয়েছে মাইক্রোসফট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন