বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আজ পালিত হচ্ছে বিশ্ব সাপ দিবস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০২:৪৫ পিএম

আজ পালিত হচ্ছে বিশ্ব সাপ দিবস

Ai - ছবি

আজ বিশ্ব সাপ দিবস। প্রতিবছর ১৬ জুলাই বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। দিনটির মূল উদ্দেশ্য হলো সাপ সম্পর্কে মানুষের মনে জমে থাকা দীর্ঘদিনের ভুল ধারণাগুলো দূর করা। সেই সঙ্গে এই প্রাণীর প্রতি সচেতনতা তৈরি এবং এর সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা বিশ্ব সাপ দিবসের অন্যতম লক্ষ্য।প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা অনস্বীকার্য, যা প্রকৃতির সবচেয়ে বড় সত্য।

দুঃখজনক বিষয় হলো, বন উজাড়, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং খাদ্য সংকটের কারণে বিশ্বের বহু প্রজাতির সাপ আজ বিলুপ্তির পথে। তারা কেবল নিজেদের অস্তিত্বের জন্যই নয়, পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত বিশ্বে সাড়ে তিন হাজারের বেশি প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে মাত্র ৬০০ প্রজাতি বিষধর। আর মানুষের জীবনের জন্য সত্যিকার অর্থে ঝুঁকিপূর্ণ প্রজাতির সংখ্যা দুই শতাধিক। অর্থাৎ, অধিকাংশ সাপই মানুষের জন্য প্রাণঘাতী নয়।

সাপকে অনেকেই অকারণে আক্রমণাত্মক প্রাণী মনে করেন। বাস্তবে অধিকাংশ সাপই মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে চায়। শিকার ধরতে বা নিজের জীবন হুমকির মুখে পড়লেই তারা কেবল আক্রমণ করে। আত্মরক্ষার জন্য কোনো সাপ পরিবেশের সঙ্গে মিশে যায়, কেউ শরীর গুটিয়ে নেয়, আবার বিষধর প্রজাতিগুলো প্রয়োজনে বিষ প্রয়োগ করে।

খাদ্যশৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতিতে সাপের অবদান অপরিসীম। ইঁদুর বা অন্যান্য ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে তারা কাজ করে, যার সরাসরি প্রভাব পড়ে কৃষি ও পরিবেশে। সাপ না থাকলে ক্ষতিকর প্রাণীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তাই পরিবেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সাপকে রক্ষা করা ও তাদের প্রতি সচেতন হওয়া আমাদের সকলের দায়িত্ব।