সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

এআই কি আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে? জানুন বিস্তারিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০২:৫৭ পিএম

এআই কি আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে? জানুন বিস্তারিত

এআই বনাম মানুষের মেধা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার মানুষের তাৎক্ষণিক কাজের দক্ষতা বাড়ালেও দীর্ঘমেয়াদে এটি চিন্তাশক্তি, অধ্যবসায় এবং স্বতন্ত্রভাবে সমস্যা সমাধানের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, প্রযুক্তির ওপর এই মাত্রাতিরিক্ত নির্ভরতা মানুষের সহজাত বুদ্ধিবৃত্তিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।

অ্যাসিস্ট্যান্স রিডিউসেস পারসিস্টেন্স অ্যান্ড হার্টস ইন্ডিপেনডেন্ট পারফরম্যান্স শীর্ষক এই গবেষণাপত্রে বলা হয়েছে, এআই সহায়তা সাময়িকভাবে ভালো ফল দিলেও এর বিনিময়ে মস্তিষ্কের মৌলিক চিন্তা-ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল গবেষক যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেন। এতে মোট ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারীর ওপর একাধিক পরীক্ষা চালানো হয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন যে, মাত্র ১০ মিনিট এআই ব্যবহার করার পরই ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের গভীর প্রযুক্তিনির্ভরতা তৈরি হয়।

পরীক্ষামূলকভাবে যখন এআই সহায়তা বন্ধ করে দেওয়া হয়, তখন অংশগ্রহণকারীদের সঠিক উত্তর দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সঙ্গে অনেকেই সমস্যার সমাধানের চেষ্টা দ্রুত ছেড়ে দেন। গবেষণায় অংশগ্রহণকারীদের একটি অংশকে গাণিতিক সমস্যা সমাধানের সময় ওপেনএআই-এর জিপিটি-৫ ভিত্তিক একটি বিশেষ এআই ব্যবহারের সুযোগ দেওয়া হয়। অন্য দলটিকে কোনো সহায়তা ছাড়াই কাজটি সম্পন্ন করতে বলা হয়। পরীক্ষার মাঝপথে যখন এআই ব্যবহারের সুবিধা তুলে নেওয়া হয়, তখন দেখা যায় ওই দলের সদস্যরা পরবর্তী কাজগুলোতে আর মনোযোগ দিতে পারছেন না এবং তারা সহজেই হাল ছেড়ে দিচ্ছেন।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের সহকারী অধ্যাপক এবং এই গবেষণার অন্যতম লেখক রচিত দুবে জানিয়েছেন, এআই সরিয়ে নেওয়ার পর মানুষ শুধু ভুল উত্তরই দিচ্ছে না, তাদের চেষ্টা করার ইচ্ছাও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বিশেষ করে শিক্ষা খাতে এআইয়ের এমন লাগামহীন ব্যবহার হলে অদূর ভবিষ্যতে এমন একটি প্রজন্ম তৈরি হতে পারে যারা নিজেদের প্রকৃত সক্ষমতা সম্পর্কে সচেতন থাকবে না। এটি মানবিক উদ্ভাবন ও সৃজনশীলতার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

তবে গবেষণায় একটি ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। যারা এআইকে সরাসরি উত্তর খোঁজার পরিবর্তে কোনো বিষয় বুঝতে বা ইঙ্গিত পাওয়ার জন্য ব্যবহার করেছেন, তাদের ব্যক্তিগত পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল। অর্থাৎ সরাসরি সমাধানের বদলে ব্যাখ্যা বা ধারণা নিতে এআই ব্যবহার করা তুলনামূলক কম ক্ষতিকর। তবে প্রতিবেদনটি এখনো পূর্ণাঙ্গ পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। তাই এর ফলাফলকে আপাতত প্রাথমিক পর্যায়ের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।