জানুয়ারি ১০, ২০২৬, ০২:৫৭ পিএম
গাজায় যুদ্ধ পরবর্তী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এই প্রস্তাব দেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি এবং এর তদারকির জন্য একটি 'আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী' (ISF) গঠনের প্রস্তাব পাস হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।
বাংলাদেশ এই বাহিনীর অংশ হতে আগ্রহী বলে মার্কিন পক্ষকে জানিয়েছেন ড. খলিলুর রহমান। জবাবে আন্ডার-সেক্রেটারি হুকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছা প্রকাশ করেন।বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আন্ডার-সেক্রেটারি হুকার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। ড. খলিলুর রহমান নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাদের অবহিত করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে আমেরিকান কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দেন। তিনি মার্কিন ‘ভিসা বন্ড’ ব্যবস্থায় বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার অনুরোধ জানান, বিশেষ করে স্বল্পমেয়াদী বি-১ ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। মার্কিন প্রতিনিধি এই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। হুকারও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। এছাড়া, বাংলাদেশের বেসরকারি খাতে সেমি-কন্ডাক্টর উন্নয়নের জন্য 'ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন' (DFC) থেকে অর্থায়নের পথ তৈরির অনুরোধ জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।উল্লেখ্য, ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও বিশেষ আমন্ত্রিত হিসেবে যোগ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন