ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। বিশেষ বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে দুই বাংলার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে লিখেছেন বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভনন্দন এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমি আমার তারেক ভাই তার দল এবং অন্যান্য সব দলকে অভিনন্দন জানাই।
সবাই ভালো থাকুন ও সুখী থাকুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তায় কেবল রাজনৈতিক সৌজন্যই নয় বরং ব্যক্তিগত উষ্ণতাও ফুটে উঠেছে যা ওপার বাংলার মানুষের কাছে বেশ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেছেন যে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের তথা ভারতের সুসম্পর্ক সবসময় বজায় থাকবে। মমতার এই বার্তার মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে আসন্ন পবিত্র রমজান মাসের আগাম শুভেচ্ছা জানানোয় ধর্মীয় সম্প্রীতির বার্তাটিও জোরালো হয়েছে।এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
আন্তর্জাতিক মহলের একের পর এক অভিনন্দন বার্তায় তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের প্রতি বিশ্ব নেতাদের আস্থার প্রতিফলন ঘটছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মমতার এই ‘ভাই’ সম্বোধন তিস্তা পানি বণ্টন চুক্তি ও সীমান্ত সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইতিবাচক আলোচনার পথ প্রশস্ত করতে পারে। তারেক রহমানের এই বিজয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও এখন আলোচনার নতুন মোড় নিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন