বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০৪ পিএম

পাকিস্তানে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকালে এই ভূকম্পন অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের খুজদার থেকে ৮৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৩ কিলোমিটার।

খুজদারে প্রথম দফায় সকাল ১০টা ৫২ মিনিটে হালকা কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল ৩.৮। তবে এর কিছু সময় পর বেলা ১১টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয়বার যখন ভূমিকম্প আঘাত হানে তখন এর তীব্রতা ছিল অনেক বেশি। 

৫.৬ মাত্রার এই দ্বিতীয় কম্পনটি স্থায়ী ছিল বেশ কয়েক সেকেন্ড। খুজদার ছাড়াও সুক্কুর জ্যাকোবাবাদ ঝাল মাগসি দাদু নাসিরাবাদ এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তীব্র কম্পনের ফলে এসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

এখন পর্যন্ত এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে খুজদার ও আশপাশের দুর্গম এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে আগামী কয়েক ঘণ্টায় ছোটখাটো আফটারশক বা অনুকম্পন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তান একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ার কারণে প্রায়ই এখানে ছোট-বড় কম্পন অনুভূত হয়।

এর আগে ২০২৬ সালের অক্টোবরেও পাকিস্তানের উত্তরাঞ্চলীয় বেশ কিছু এলাকায় ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই সময় খাইবার পাখতুনখোয়া রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ কেঁপে উঠেছিল। বারবার এ ধরনের ভূমিকম্পের ফলে পাকিস্তানের ভবনগুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তানের গ্রামীণ এলাকার কাঁচা ঘরবাড়িগুলো এ ধরনের মাঝারি মাত্রার কম্পনেও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে টিম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।