শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০৩ এএম

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ল

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা ও সামরিক অভিযান কোনোভাবেই থামছে না। গাজার বিভিন্ন জনবহুল এলাকায় ইসরায়েলি সেনারা আবারও নির্বিচারে গুলি চালিয়েছে যাতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে গাজা জুড়ে বিমান হামলা এবং ভারী গোলাবর্ষণের পাশাপাশি বসতবাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়ার তাণ্ডব চলছে। 

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে কেন্দ্রীয় গাজার নেটজারিম করিডর এবং আল-মাঘরাকা এলাকায় খোলা আকাশের নিচে তাঁবুতে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোকে লক্ষ্য করে সরাসরি গুলি করা হয়েছে। 

এছাড়া খান ইউনিস এবং রাফাহ এলাকায় নিয়মিত বিরতিতে বিমান হামলা চালানো হচ্ছে যাতে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালের সাময়িক অস্ত্রবিরতি শেষ হওয়ার পর থেকে নতুন করে ৫৯১ জন নিহত হয়েছেন। 

সব মিলিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা এখন ৭২ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন অব্যাহত রয়েছে। বেথলেহেম নাবলুস এবং জেরুজালেমে রাতভর অভিযান চালিয়ে অসংখ্য মানুষকে আটক করা হয়েছে। সেখানে ঘরবাড়ি তল্লাশির নামে সাধারণ মানুষকে হেনস্তা করা এবং যত্রতত্র চেকপোস্ট বসিয়ে চলাচলে বাধা দেওয়া হচ্ছে। 

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে পশ্চিম তীরে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২ জন নিহত হয়েছেন এবং ২১ হাজারের বেশি মানুষকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই কারাবন্দী করে রাখা হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জোরালো দাবি থাকা সত্ত্বেও ইসরায়েল তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা ওই অঞ্চলে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। প্রতিদিন নতুন নতুন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ফিলিস্তিনিদের বেঁচে থাকার ন্যূনতম রসদটুকুও এখন ফুরিয়ে আসছে।