এপ্রিল ৬, ২০২৬, ১২:১৯ পিএম
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান চরম উত্তেজনার মধ্যে এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরানের সঙ্গে দ্রুত কোনো কার্যকর শান্তি চুক্তি না হলে দেশটিতে ব্যাপক সামরিক হামলা চালানো হবে।
এমনকি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে পুরো ইরান তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।এবিসি নিউজের প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানকে চুক্তির জন্য যে সময় দেওয়া হয়েছিল তা এখন কয়েক সপ্তাহে নয়, বরং কয়েক দিনে নামিয়ে আনা উচিত।
তিনি দাবি করেন, ইরান বর্তমানে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং সময়ের সঙ্গে তাদের অবস্থা আরও শোচনীয় হবে। ট্রাম্পের মতে, ইরানিরা বর্তমানে কার্যত ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে এবং তাদের প্রতিটি স্থাপনা ও অবকাঠামো নতুন করে নির্মাণের প্রয়োজন পড়বে।
এর আগে পৃথিবীর কোনো দেশ এভাবে মার খেয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি বলেও তিনি মন্তব্য করেন।চলমান এই সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালি নিয়ে বিরোধ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। তেহরান ঘোষণা দেয় যে, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই কৌশলগত নৌপথ ব্যবহার করতে পারবে না। এর ফলে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। গত কয়েক সপ্তাহ ধরে এই প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ট্রাম্প ইরানকে বারবার আলটিমেটাম দিয়ে আসছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বর্তমানে পুরো বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে কড়া নজর রাখছে। তেহরান অবশ্য এখনো এই হুমকির বিপরীতে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই উত্তেজনা যে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে তা স্পষ্ট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন