এপ্রিল ১৩, ২০২৬, ১২:১৩ এএম
মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরণের সামরিক জাহাজ চলাচলের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রণালি বেসামরিক নৌযানের জন্য উন্মুক্ত থাকলেও কোনো সামরিক রণতরী বা সামরিক জাহাজ এখানে চলতে দেওয়া হবে না।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।আইআরজিসি-র পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি সাধারণ বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কোনো সামরিক জাহাজ যদি এই প্রণালির আশপাশে আসে বা প্রবেশের চেষ্টা করে, তবে তাকে সরাসরি ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করবে ইরান। শুধু তাই নয়, এ ধরণের প্রচেষ্টার বিরুদ্ধে তেহরান অত্যন্ত কঠোর ও সময়োপযোগী সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।
ইরানের এই ঘোষণা এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের হুমকি দিয়েছেন। আইআরজিসি-র এই পাল্টা অবস্থান মূলত যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরান তাদের জলসীমার সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরণের আপস করবে না এবং হরমুজ প্রণালিকে কোনো পরাশক্তির সামরিক ক্রীড়াক্ষেত্র হতে দেবে না।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ও আলোচনার প্রক্রিয়া চললেও, হরমুজ প্রণালি নিয়ে এই ‘পাল্টা-পাল্টি হুঁশিয়ারি’ পরিস্থিতিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা আন্তর্জাতিক বাণিজ্যের পথ রুদ্ধ করতে চায় না, তবে এর আড়ালে কোনো সামরিক শক্তি সঞ্চয় বা গোয়েন্দা তৎপরতা সহ্য করবে না। এই ঘোষণা বিশ্ব তেলের বাজারে এবং আন্তর্জাতিক নৌ-চলাচলের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন