বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৯:৫৪ এএম

ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

ইরান সীমান্তে উত্তেজনা

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। 

মস্কো মনে করে, ইরানের বন্দরে কোনো ধরনের বাধা দেওয়ার প্রচেষ্টা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে আনবে।বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের পরিকল্পনার বিস্তারিত এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও এতে ইরানগামী বা সেখান থেকে আসা জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার ইঙ্গিত রয়েছে। 

এমনকি হরমুজ প্রণালি ঘিরে বৃহত্তর অবরোধের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ক্রেমলিন। রাশিয়া আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের বিষয়ে তাদের আগের প্রস্তাবটি এখনো কার্যকর আছে। 

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মস্কো কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি, তবুও উত্তেজনা বাড়তে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুতিন প্রশাসন।সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এই কূটনৈতিক ব্যর্থতার পরপরই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগামী জাহাজ চলাচলে কঠোর অবরোধের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা সতর্কবার্তা দিয়েছে। 

ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো বৈরী পদক্ষেপ নেওয়া হলে পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগরের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি এভাবে উত্তপ্ত হতে থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে।