বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍`হত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ১১:১১ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍`হত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮ শিশু

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক ভয়াবহ বন্দুক হামলায় আট শিশুর মৃত্যু হয়েছে। দেশটির শ্রিভপোর্ট শহরের তিনটি পৃথক স্থানে এই নারকীয় তাণ্ডব চালায় এক বন্দুকধারী। স্থানীয় সময় রোববার এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এই ভয়াবহ হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল, যাদের মধ্যে আটজন শিশু ঘটনাস্থলেই বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি একটি পারিবারিক কলহ-সম্পর্কিত হামলার ঘটনা বলে মনে হচ্ছে। নিহত শিশুদের বয়স এক থেকে চৌদ্দ বছরের মধ্যে। পুলিশ আরও জানায়, হামলার শিকার শিশুদের মধ্যে বেশ কয়েকজন হামলাকারীর ঘনিষ্ঠ আত্মীয় ছিল। 

এই ঘটনাকে একটি অভাবনীয় ও চরম বেদনাদায়ক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্মিথ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা যার সম্মুখীন তাদের বাহিনীর অনেকে আগে কখনো হয়নি।হামলার পর বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় সে একটি গাড়ি ছিনতাই করে এবং পুলিশের সঙ্গে দীর্ঘ ধাওয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়। লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, বোজিয়ার সিটিতে ধাওয়ার সময় এই গোলাগুলি ঘটে। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে এই ঘটনার পেছনের মূল কারণ খতিয়ে দেখছে। পুলিশ সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কারও কাছে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও থাকে, তবে তা যেন তদন্তের স্বার্থে শেয়ার করা হয়। লুইজিয়ানার এই ঘটনা পুরো যুক্তরাষ্ট্রে শোকের ছায়া ফেলেছে এবং বন্দুক সহিংসতার বিরুদ্ধে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে কখনো একটি পরিবারে এতগুলো শিশুর মৃত্যুর ঘটনা শ্রিভপোর্টে দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন মৃতদেহগুলোর ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করছে।