এপ্রিল ২০, ২০২৬, ০৯:৫৭ এএম
ইরান সরকারের সমর্থনে রাজধানী তেহরানে রাজপথ দখল করেছেন হাজার হাজার মানুষ। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এই বিশাল সমাবেশ থেকে দেশটির সাধারণ মানুষ সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। একইসঙ্গে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তাদের চাপের মুখে কোনোভাবেই পিছু না হটার আহ্বান জানানো হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা মনে করেন, বহির্বিশ্বের যেকোনো চাপ মোকাবিলায় ইরান আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী।বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সমাবেশে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কড়া মার্কিন বিরোধী মনোভাব লক্ষ্য করা গেছে।
মাসুমেহ আলিমোহাম্মাদি নামে এক অংশগ্রহণকারী বলেন, যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বা স্বাক্ষরিত চুক্তির মর্যাদা রাখেনি। ফলে কূটনৈতিক পথে আলোচনা চললেও দেশটির প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই তেহরানকে সামনে এগোতে হবে। তাঁর মতে, ওয়াশিংটন বারবার প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয়।
সমাবেশে উপস্থিত হামিদরেজা হেইদারি নামের এক ব্যক্তি সাফ জানিয়ে দেন যে ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। তিনি বলেন, দেশের ওপর বারবার হামলা চালানো হলেও ইরান আরও বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। হেইদারির ভাষায়, এই লড়াইয়ে ইরানের জয় নিশ্চিত।অন্যদিকে, নেগিন ঘোলিজাদে নামের এক নারী তাঁর সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অনুরোধ জানান।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে বলেন, দুই সপ্তাহ আগে ট্রাম্প যেভাবে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, কেবল সেই অবস্থাতেই শান্তি সম্ভব। তিনি দাবি করেন, যে রাতে যুক্তরাষ্ট্র ইরানকে বড় ধরনের হুমকির মুখে ফেলতে চেয়েছিল, সেই রাতেই ইরানি প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। তেহরানের এই সমাবেশ মূলত বিশ্ববাসীকে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই বিক্ষোভের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে পারে।
সূত্র: আল জাজিরা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন