শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৩:১২ পিএম

জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ভূকম্পন তৈরি হয়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাগরের তলদেশের মাত্র ১০ কিলোমিটার গভীরে। 

শক্তিশালী এই কম্পনের পরপরই দেশটির ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে জরুরি ভিত্তিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এই প্রাকৃতিক দুর্যোগের খবরটি নিশ্চিত করেছে।

আবহাওয়া সংস্থার দেওয়া সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের পানি ৩ মিটার বা প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতায় আছড়ে পড়তে পারে। উপকূলীয় বাসিন্দাদের জীবনের নিরাপত্তার স্বার্থে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বিশেষ করে ইওয়াত ও হোক্কাইডো অঞ্চলে জলোচ্ছ্বাসের তীব্রতা অনেক বেশি হতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা সরাসরি প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবুও উপকূলজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি বার্তায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, জীবন বাঁচাতে সময়ের গুরুত্ব অপরিসীম, তাই প্রশাসনের নির্দেশনা মেনে কালক্ষেপণ না করে নিরাপদ স্থানে সরে যেতে হবে। দুর্যোগ মোকাবিলায় জাপানি উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকেই উপকূলে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্প-প্রবণ দেশ হিসেবে জাপান এই ধরনের দুর্যোগ মোকাবিলায় পারদর্শী হলেও সুনামির উচ্চতা নিয়ে নতুন করে উদ্বেগ কাটছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে সমুদ্রের পানির উচ্চতা পর্যবেক্ষণ করছে।