এপ্রিল ২৯, ২০২৬, ১২:১৪ এএম
পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের জিও নিউজ এই খবরটি প্রকাশ করেছে।
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সেনাদের প্রশিক্ষণ এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যেই অন্তর্ভুক্ত উপ-ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে এই পরীক্ষা চালানো হয়।
এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সংশ্লিষ্ট কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও এ সময় উপস্থিত ছিলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশীয়ভাবে তৈরি ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব এই সাফল্যের জন্য সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতেহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। গত বছরের মে মাসে ১২০ কিলোমিটার পাল্লার ফাতেহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করা হয়। এছাড়া গত এক মাসে পাকিস্তান নৌবাহিনী তৈমুর এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ একাধিক উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন