মে ৩, ২০২৬, ১০:৫৯ এএম
যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ এড়িয়ে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে।
বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই তেলের দাম প্রায় ২২ কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক নজরদারি এড়াতে জাহাজটি দীর্ঘ সময় ধরে তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছিল।
পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবরোধ ঘোষণার সময় জাহাজটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। ট্র্যাকিং সিস্টেম বন্ধ থাকায় মাঝপথে এর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল।
ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, তারা ৪১টি ইরান-সংশ্লিষ্ট জাহাজকে শনাক্ত করে সেগুলোর গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন কঠোর নজরদারির মধ্যেও ইরানের তেলের ট্যাংকার এশিয়ায় পৌঁছানো ওয়াশিংটনের অবরোধ কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। জাহাজটি ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখার কৌশল গ্রহণ করায় এটি শনাক্ত করা মার্কিন নৌবাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই ঘটনার ফলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানের জ্বালানি বাণিজ্যের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন