বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩, ২০২৬, ০৫:৫৭ পিএম

চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চলন্ত বিমানের জরুরি নির্গমন দরজা খুলে এক যাত্রীর নিচে লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চেন্নাই ফ্লাইটে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় মুহূর্তেই বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি শারজাহ থেকে এসে চেন্নাই বিমানবন্দরের মূল রানওয়েতে অবতরণ করে। 

এরপর বিমানটি যখন ট্যাক্সিওয়ে দিয়ে ধীরে ধীরে পার্কিং বে-র দিকে এগোচ্ছিল, তখনই ওই পুরুষ যাত্রী আকস্মিকভাবে বিমানের জরুরি নির্গমন দরজা খুলে বাইরে লাফিয়ে পড়েন। এই কাণ্ড দেখে বিমানে থাকা অন্য যাত্রী ও ক্রুরা স্তব্ধ হয়ে যান। বিষয়টি নজরে আসার সাথে সাথেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়। 

দ্রুত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীকে আটক করেন এবং পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, সংশ্লিষ্ট যাত্রীটি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। 

যাত্রাপথে তিনি কয়েকবার বমিভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের ভেতর অন্তত দুবার বমি করেছেন বলেও জানা গেছে। অসুস্থতাজনিত বিভ্রান্তি থেকেই তিনি এমন ঝুঁকিপূর্ণ ও অস্বাভাবিক পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।চেন্নাই বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ঘটনাটি মূল রানওয়েতে উড্ডয়ন বা অবতরণের সময় ঘটেনি, বরং বিমানটি ট্যাক্সিওয়েতে অত্যন্ত ধীরগতিতে চলার সময় ঘটেছে। এই ঘটনায় কোনো প্রাণহানি বা বিমানের কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। বিমানে থাকা অন্য যাত্রী ও ক্রুরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত ৩টা ২৩ মিনিট থেকে ৪টা ২৩ মিনিট পর্যন্ত বিমানবন্দরের প্রধান রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই এক ঘণ্টা সময় অন্যান্য ফ্লাইটের যাতায়াত দ্বিতীয় রানওয়ে ব্যবহার করে পরিচালনা করা হয়। আটককৃত যাত্রীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে অসমর্থিত সূত্রে জানা গেছে তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই এলাকার বাসিন্দা। বিমান নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।