বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৬, ০৯:৪৮ এএম

সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত ট্রাম্পের

হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের অনুরোধ রয়েছে। পাশাপাশি ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়েও অগ্রগতি হয়েছে। চুক্তি চূড়ান্ত করে তা স্বাক্ষর করা সম্ভব কি না, তা দেখার জন্যই মূলত প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখা হয়েছে।

তবে সামরিক অভিযান স্থগিত করা হলেও অবরোধ প্রত্যাহার হচ্ছে না। ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। যুদ্ধে ইরানের জয়ের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে ওই অঞ্চল থেকে বের হতে সহায়তা করতে গত সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের এই অভিযান শুরু করেছিল মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়েছিল তেহরান। একইসঙ্গে তা প্রতিরোধের ঘোষণাও দিয়েছিল ইরান।