শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৬, ০৫:১০ পিএম

চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের অবসানের সম্ভাবনা জোরালো হচ্ছে। দুই দেশ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যস্থতায় জড়িত একটি পাকিস্তানি সূত্র।

সূত্রটির দাবি অনুযায়ী, প্রস্তাবিত এই সমঝোতা চুক্তিটি মাত্র এক পাতার একটি নথি। তবে সংঘাত শুরুর পর থেকে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তিতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সম্ভাব্য এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আরোপ করার কথা বলা হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি প্রাধান্য পাবে। 

এছাড়া হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া নৌ-উত্তেজনা কমানোর উদ্যোগ এবং আগামী সপ্তাহগুলোতে আরও বিস্তৃত আলোচনার জন্য একটি নতুন কাঠামো নির্ধারণের প্রস্তাবও এই এক পাতার নথিতে রয়েছে।এই পুরো সমঝোতা প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে। আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে এবং উভয় পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে দেশটি নিরবে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। পাকিস্তানের এই মধ্যস্থতা দুই দেশের সংঘাত নিরসনে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের অবসান এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সম্ভাবনাময় মনে করা হচ্ছে। তবে চুক্তির পথে এখনও কিছু জটিলতা রয়ে গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির সময়সীমা ঠিক কতদিন হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে এখনও মতপার্থক্য কাটেনি। তবুও সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং দুই পক্ষের নমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, একটি টেকসই সমঝোতা খুব দ্রুতই আলোর মুখ দেখতে পারে।