শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় চালক ও সহকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ১০:৩০ এএম

চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় চালক ও সহকারী গ্রেপ্তার

দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ছবি - সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ এর ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। গত ১২ মে দিল্লির সুলতানপুরী ও নাংলোই এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা।

ঘটনার সময় ভুক্তভোগী নারী অভিযুক্তদের কাছে বারবার ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন। বাড়িতে তিনটি ছোট মেয়ে এবং অসুস্থ স্বামীর কথা বলে তিনি কাকুতি-মিনতি করেন। এমনকি কোনো আইনি ব্যবস্থা বা অভিযোগ করবেন না বলেও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনো আকুতিই শোনেনি নির্যাতনকারীরা।

ভুক্তভোগী নারী সুলতানপুরীতে ভাইয়ের বাড়ি থেকে কাজ শেষে সরস্বতী বিহারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি বেসরকারি বাস এলে তিনি সময় জানতে চান এবং এক ব্যক্তি তাঁকে ভেতরে টেনে নেয়। চলন্ত বাসের পেছনের আসনে প্রথমে একজন এবং পরে নাংলোই রেলস্টেশনের কাছে বাস থামিয়ে চালক তাঁকে ধর্ষণ করে।

 চিৎকার করতে গেলে তাঁর মুখ চেপে ধরা হয়েছিল।পরে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দেশটির নারীদের নিরাপত্তা নিয়ে আবারও বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস