মে ১৭, ২০২৬, ১১:৪৪ পিএম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এই ঘটনা ঘটায় নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে বলে আল-জাজিরা উল্লেখ করেছে।
আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আজ রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তা ছাড়া সেখানে তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে।
আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে হামলার কোনো প্রভাব পড়েনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংস্থাটি জানায়, বিদ্যুৎকেন্দ্রের সব কটি ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে।
হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি। অন্যদিকে আমিরাতও প্রকাশ্যে সুনির্দিষ্ট কোনো দেশকে দায়ী করেনি।পরে এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে দুটি ড্রোন আটকে দিয়েছে। তবে তৃতীয় একটি ড্রোন বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানায় একটি জেনারেটরে আঘাত হেনেছে। ড্রোনগুলো পশ্চিম সীমান্ত থেকে প্রবেশ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। হামলার উৎস নিশ্চিত করতে তদন্ত চলছে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, এই ঘটনার ফলে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারমাণবিক স্থাপনার জন্য হুমকি তৈরি করে এমন কোনো সামরিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে তিনি সতর্ক করেন।
হামলার শিকার আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সৌদি আরব সীমান্তের কাছে এবং রাজধানী আবুধাবি থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।সম্প্রতি আমিরাতের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করার অভিযোগ তুলেছে ইরান। অন্যদিকে সংঘাত চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে গোপনে সফর করেছেন বলে খবর প্রকাশিত হলেও আমিরাত তা অস্বীকার করেছে।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গত সপ্তাহে জানান, সম্ভাব্য ইরানি হামলা থেকে রক্ষায় সাহায্য করার জন্য ইসরায়েল আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও কর্মী মোতায়েন করেছে। তবে গত শুক্রবার এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভূখণ্ডে হামলাকে বৈধতা দেওয়ার ইরানি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। যেকোনো হুমকির দেওয়ার অধিকার তাদের রয়েছে বলে তারা উল্লেখ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন