শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৯:৫৯ এএম

ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি - সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি তেহরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন। তা না হলে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না এবং সময়টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি সতর্ক করেন।

বর্তমানে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।এর আগে এপ্রিল মাসেও চুক্তিতে অগ্রগতি না হলে ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিলেন ট্রাম্প। 

চলতি সপ্তাহে তেহরানের দেওয়া শর্তগুলোকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন যে বর্তমান যুদ্ধবিরতি মূলত লাইফ সাপোর্টে রয়েছে। ইরানের পক্ষ থেকে সব ফ্রন্টে হামলা বন্ধ, বন্দর এলাকা থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ এবং যুদ্ধের ক্ষতিপূরণের দাবিও আধা-সরকারি সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে।

অন্যদিকে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা আরোপ ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ন্ত্রণে নেওয়ার পাল্টা প্রস্তাব দিয়েছে। তবে নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখলে ওয়াশিংটন বিষয়টি বিবেচনা করতে পারে বলে ট্রাম্প কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিতও দিয়েছেন। 

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, যার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন ঊর্ধ্বমুখী। এই সংকট নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালালেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ব্যবধান এখনো অনেক বেশি।