মে ১৯, ২০২৬, ০৪:২১ পিএম
আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দেওয়ায় ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জর্ডানের উদ্যোগে নেওয়া এক যৌথ বিবৃতিতে বাংলাদেশসহ একাধিক দেশ এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যৌথ প্রতিবাদের তথ্য প্রকাশ করে।
ত্রাণবাহী এই ফ্লোটিলার ওপর হামলা ও বেসামরিক কর্মীদের আটকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে জর্ডান, ইন্দোনেশিয়া, স্পেন, পাকিস্তান, ব্রাজিল, বাংলাদেশ, তুরস্ক, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ একত্রে ইসরাইলের এই পদক্ষেপের আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে নেতারা ফ্লোটিলায় থাকা বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া সকল কর্মীর অবিলম্বে মুক্তি এবং তাদের অধিকার ও মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের দাবি জানানো হয়। শান্তিপূর্ণ মানবিক উদ্যোগের বিরুদ্ধে এই ধরনের বারবার হামলা আন্তর্জাতিক আইন ও নৌচলাচলের স্বাধীনতার প্রতি অবজ্ঞার প্রতিফলন বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে।
গতকাল সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে রওনা হওয়া এই আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরের ৩9টি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে আটকে দেয় ইসরাইলি নৌবাহিনী। এতে বহরটির বহু জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জোটভুক্ত দেশের নেতারা।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন