মে ১৯, ২০২৬, ০৭:৩৫ পিএম
ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র যদি আবারও আগ্রাসন চালায়, তাহলে ভিন্ন কৌশল ও নতুন অস্ত্র ব্যবহার করে নতুন ফ্রন্ট খোলা হবে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারে আয়োজিত এক জনসমাবেশে ইরানের সেনাবাহিনী এই হুঁশিয়ারি দিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়ার এই বক্তব্য দেশটির সামরিক জনসংযোগ বিভাগের মাধ্যমে প্রকাশ্যে আনা হয়।ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ করা বা সামরিকভাবে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে নতুন হামলা চালালে তাদের চরম মূল্য চোকাতে হবে। চলমান যুদ্ধবিরতির সময়টিকেও ইরান যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবেই বিবেচনা করছে। এই শান্ত সময়কে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার নিরবচ্ছিন্ন কাজ চলছে।
সামরিক মুখপাত্র জানান যে হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই কৌশলগত নৌপথের পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরবে না।শত্রুপক্ষের সামনে একমাত্র পথ হলো ইরানি জাতির প্রতি সম্মান দেখানো এবং তাদের বৈধ অধিকার মেনে নেওয়া।
পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
তথ্যসূত্র: প্রেস টিভি


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন