বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানের পথ রোধ করেছে দুই রুশ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৬, ১০:৫২ এএম

কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানের পথ রোধ করেছে দুই রুশ যুদ্ধবিমান

কৃষ্ণসাগরে উত্তেজনা

আন্তর্জাতিক আকাশসীমায় ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি নজরদারি বিমানকে একাধিকবার বিপজ্জনকভাবে বাধা দিয়েছে রাশিয়ার দুটি যুদ্ধবিমান। গত মাসে কৃষ্ণসাগরের ওপর এই ঘটনা ঘটে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ন্যাটোর পূর্ব সীমান্তের নিরাপত্তা টহলে থাকা ব্রিটিশ বিমানটির ক্রুরা চরম ঝুঁকির মুখে পড়েন।

একটি রুশ যুদ্ধবিমান ব্রিটিশ বিমানের এতটাই কাছে চলে আসে যে এর অটোপাইলট মোড বন্ধ হয়ে জরুরি সুরক্ষাব্যবস্থা সচল হয়ে যায়।ঘটনার সময় রাশিয়ার সু-২৭ যুদ্ধবিমানটি ব্রিটিশ রিভেট জয়েন্ট বিমানটির সামনে দিয়ে ছয়বার চক্কর দেয়। এক পর্যায়ে রুশ বিমানটি ব্রিটিশ বিমান থেকে মাত্র ছয় মিটার দূরত্বে অবস্থান করছিল। 

ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি জানান, এমন কর্মকাণ্ড বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে এবং পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যেতে পারে।২০২২ সালের পর এটিই যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে কৃষ্ণসাগরের ওপরেই ব্রিটিশ গোয়েন্দা বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছিলেন এক রুশ পাইলট। সেই ঘটনার প্রেক্ষিতে এবারের ঘটনাকে রুশ আগ্রাসনের নতুন উদাহরণ হিসেবে দেখছে লন্ডন। রুশ দূতাবাসের মাধ্যমে এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়।