বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৩:০৫ পিএম

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত

ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অস্ত্র ও গোলাবারুদের মজুত নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। তাইওয়ানের কাছে প্রায় ১৪ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সিনেট শুনানিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও শুনানিতে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ইরানে ‘এপিক ফিউরি’ অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ পর্যাপ্ত রাখতেই এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে। তবে অস্ত্র বিক্রি স্থগিতের এই বিষয়ে তাইওয়ানের সঙ্গে কোনো সরাসরি কথা হয়নি। প্রশাসন প্রয়োজন মনে করলেই বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রি আবার চালু করা হবে। এর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অস্ত্র চুক্তির অনুমোদন নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন।

অবশ্য তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, তারা অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রের মত পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি।

কয়েকদিন আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি চীনের সঙ্গে আলোচনায় একটি ভালো দর-কষাকষির হাতিয়ার। সম্প্রতি বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে তার বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে গত ডিসেম্বরে তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির মার্কিন অনুমোদনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, এই পদক্ষেপ তাইওয়ান প্রণালিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে।

অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে বরাবরই বলে আসছেন, মার্কিন অস্ত্র বিক্রি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সামরিক চাপের মুখে লাই প্রশাসন ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। চীন দীর্ঘদিন ধরেই এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।