মে ২২, ২০২৬, ০৪:৩৩ পিএম
ইরান যুদ্ধ ও চলমান ভূরাজনৈতিক ব্যস্ততার কারণে নিজের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী শনিবার বাহামায় এই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনো অনুকূল সময় নয় বলে তিনি উল্লেখ করেছেন।
ট্রাম্প জানান, ছেলের বিয়ের অনুষ্ঠানটি খুব ছোট ও ব্যক্তিগত পরিসরে আয়োজন করা হচ্ছে। সেখানে যাওয়ার চেষ্টা করলেও চলমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। প্রেসিডেন্টের সামনে এখন ইরানসহ আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় রয়েছে। বিয়েতে যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে সংবাদমাধ্যমগুলো তার সমালোচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।তবে নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, তাদের দাম্পত্য জীবন খুব ভালো হবে।
হোয়াইট হাউস প্রকাশিত মার্কিন প্রেসিডেন্টের সরকারি কার্যসূচি অনুযায়ী, বিয়ের দিন ট্রাম্প নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থান করবেন। গত ডিসেম্বরে হোয়াইট হাউসের এক ছুটির অনুষ্ঠানে ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসন তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। এই বিয়েতে ট্রাম্পের অংশ নেওয়ার বিষয়ে ট্রাম্প জুনিয়রের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন