শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কানাডা থেকে আলাদা হতে আলবার্টায় গণভোটের ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৬:৩০ পিএম

কানাডা থেকে আলাদা হতে আলবার্টায় গণভোটের ঘোষণা

ছবি : সংগৃহীত

কানাডার সঙ্গে থাকা না থাকা প্রশ্নে আগামী ১৯ অক্টোবর আলবার্টায় অক্টোবরে গণভোট আয়োজন করতে যাচ্ছে প্রাদেশিক সরকার। এই উদ্যোগের ফলে কয়েক দশকের মধ্যে কানাডার জাতীয় ঐক্য সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তেল-সমৃদ্ধ এই প্রদেশটি অটোয়ার নীতিনির্ধারকদের কাছ থেকে যথাযথ মনোযোগ পায় না—এমন দীর্ঘদিনের অভিযোগ থেকে সেখানে স্বাধীনতার আন্দোলন ক্রমশ গতি পাচ্ছে।প্রদেশের মুখ্যমন্ত্রী ডেনিয়েল স্মিথ বৃহস্পতিবার এই গণভোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় তিনি জানান, আসছে শরতে আলবার্টাবাসী সেই প্রশ্নের মুখোমুখি হবেন, যেখানে জানতে চাওয়া হবে তারা কানাডার প্রদেশ হিসেবে থেকে যাবে কিনা। যদি জনগণ আলাদা হওয়ার পক্ষে রায় দেয়, তবে এখানকার সরকার কানাডার সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আইনি প্রক্রিয়া চালু করে আলাদা হওয়ার জন্য দ্বিতীয় আরেকটি গণভোটের আয়োজন করবে। তবে মুখ্যমন্ত্রী নিজে কানাডায় থেকে যাওয়ার পক্ষে ভোট দেবেন এবং তার সরকার ও দলীয় সংসদ সদস্যদের অবস্থানও একই বলে তিনি স্পষ্ট করেছেন।চলতি বছরের শুরুতে কানাডা থেকে স্বাধীন হওয়ার এক আবেদনে তিন লাখের বেশি স্বাক্ষর পড়েছিল।

বিপরীতে কানাডার সঙ্গে থেকে যেতে চাওয়া অন্য একটি আবেদনে পড়ে ৪ লাখের বেশি স্বাক্ষর। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই গণভোটের সম্ভাবনা তৈরি হয়। এর আগে আদিবাসী ফার্স্ট নেশনস জাতিগোষ্ঠীর অধিকার ক্ষুণ্নের অভিযোগে এক বিচারক গণভোটের আবেদন খারিজ করে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন স্মিথ। তিনি সাফ জানান, কয়েক লাখ মানুষের কণ্ঠ রুদ্ধ করা কোনো আইনি ভুল তিনি কার্যকর হতে দেবেন না এবং আদালতের আদেশে স্বাক্ষরকারীদের যাচাই প্রক্রিয়া বন্ধ হলেও আলবার্টার জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করবে।

কানাডার ভৌগোলিক অখণ্ডতা এর আগেও প্রশ্নের মুখে পড়েছিল, যখন স্বাধীনতা প্রশ্নে দুইবার ভোট হয়েছিল ক্যেবেকে। শেষবার ১৯৯৫ সালের ভোটে ক্যেবেকে অল্প ব্যবধানে স্বাধীনতাবিরোধীরা জয়ী হয়। এরপর দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার নিয়ম সুনির্দিষ্ট করে ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ তৈরি করা হয়, যার ফলে গণভোটে জিতলেও বিচ্ছিন্ন হতে আরও অনেক জটিল আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এর অর্থ হলো, অক্টোবরের গণভোটে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে রায় এলেও আলবার্টার সামনে দীর্ঘ জটিলতার পথ পড়ে রয়েছে।