মে ২২, ২০২৬, ০৬:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৩ ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এক ব্যক্তির। তার নাম রিচার্ড নাইট, বয়স ৪৭ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডা স্টেট প্রিজনে বিষাক্ত রাসায়নিক প্রয়োগের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয়।তিনি নিজের চার বছর বয়সী এক নাতনি ও তার মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ছিলেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আদালতের নথি অনুযায়ী, ২০০০ সালে রিচার্ড নাইট ফোর্ট লডারডেলের কাছে কোরাল স্প্রিংসে তার এক আত্মীয়ের পরিবারের সঙ্গে থাকতেন। সেখানে বাসা থাকা নিয়ে ওডেসিয়া স্টিফেনস নামের ওই নারীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন ওডেসিয়া তাকে পরদিন বাসা ছেড়ে চলে যেতে বললে নাইট ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার চার বছরের কন্যাসন্তানকে ছুরিকাঘাত করেন।২০০২ সালের জুন মাসে এই জোড়া খুনের মামলায় নাইটকে প্রথম-ডিগ্রি দণ্ড দেওয়া হয়েছিল।
মৃত্যুদণ্ড কার্যকরের সময় ডেথ চেম্বারে তার হাত প্রসারিত অবস্থায় বাঁধা ছিল এবং শরীরে আইভি লাইন সংযুক্ত ছিল। ওষুধ প্রয়োগের পর তিনি চোখ বন্ধ করে স্থির হয়ে যান। এটি চলতি বছরে ফ্লোরিডায় সপ্তম মৃত্যুদণ্ড কার্যকর। রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিসের আমলে সেখানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য ছাড়াই নাইটের শেষ আপিল আবেদনটি খারিজ করে দিয়েছিল।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতেও লেরয় ডিন ম্যাকগিল নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্যদিকে ফ্লোরিডা কর্তৃপক্ষ আগামী ২ জুন আরও একটি মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে। সেখানে সাধারণত তিনটি ওষুধের সমন্বয়ে প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হয়, যার মধ্যে একটি ঘুমের ওষুধ, একটি পক্ষাঘাত সৃষ্টিকারী এবং শেষটি হৃদ্যন্ত্র বন্ধ করার জন্য ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: নিউ ইয়র্ক পোস্ট


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন