মে ২৪, ২০২৬, ০৪:২৩ পিএম
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষুব্ধ নাগরিকরা রাজপথে নেমেছেন। ১৫০টিরও বেশি নাগরিক সংগঠনের জোট ‘সোসিয়েদাদ সিভিল এসপানিওলা’ এই কর্মসূচির আয়োজন করে।
যথেষ্ট হয়েছে বলে স্লোগান তোলেন আন্দোলনকারীরা।প্রধান বিরোধী দল পপুলার পার্টি ও ডানপন্থি দল ভক্স এই বিক্ষোভে সমর্থন দিয়েছে। মিছিল থেকে দুর্নীতি ও দায়মুক্তির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে এবং দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে।
আয়োজকদের দাবি, বিক্ষোভে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন, যদিও সরকারি হিসাবে এই সংখ্যা ৪০ হাজার।বিক্ষোভকারীদের একটি অংশ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল।
দাঙ্গা পুলিশ তাদের বাধা দিয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা গোমেজ ও ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধে পৃথক দুর্নীতির তদন্ত চলছে। যদিও সানচেজ দাবি করেছেন, তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন