বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয়ে ইরান: নেই কোনো নিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২৬, ০২:৪৩ পিএম

শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয়ে ইরান: নেই কোনো নিশ্চয়তা

তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে সংশয় প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তির অনেক বিষয়ে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাদের অঙ্গীকার রক্ষা করবে—এমন কোনো নিশ্চয়তা নেই। তেহরান কোনো ধরনের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের বর্তমান অগ্রাধিকার এখন যুদ্ধ বন্ধ করা।ইসমাইল বাঘাই জানান, চলমান আলোচনার একটি বড় অংশ লেবাননে সংঘাতের অবসান সংক্রান্ত। এই মুহূর্তে তারা পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করছেন না। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রক্রিয়া বানচালের চেষ্টার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

চুক্তি না হলেও ইরান তার প্রতিরক্ষা নীতি থেকে সরবে না।বাঘাই আরও বলেন, জায়নবাদী গোষ্ঠী চুক্তিটি ভন্ডুল করতে তৎপর। যুদ্ধ ও শত্রুতার পক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর বক্তব্য মার্কিন কর্মকর্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেকোনো পরিস্থিতির জবাব দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে এবং অতীতেও তারা তার প্রমাণ দিয়েছে। তেহরান এখন নিজের জন্য সবচেয়ে উপযুক্ত কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে।আলোচনার ধারা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইরান সতর্ক অবস্থানে আছে।