বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শান্তি চুক্তি আলোচনায় কাতারে ইরানের শীর্ষ প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৮:৫৫ পিএম

শান্তি চুক্তি আলোচনায় কাতারে ইরানের শীর্ষ প্রতিনিধিদল

কাতারে ইরানের শীর্ষ প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের দোহায় পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে দোহায় যান। 

তেহরানের প্রধান আলোচক হিসেবে গালিবাফ এই সফরে নেতৃত্ব দিচ্ছেন।গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের অবসানেই এই কূটনৈতিক তৎপরতা।প্রতিনিধিদলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মাতিও রয়েছেন। 

কূটনৈতিক সূত্রের তথ্যমতে, বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই সম্ভাব্য চুক্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা স্বাক্ষরিত হয়নি।

আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপস্থিতিকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সমঝোতা স্মারকের অংশ হিসেবে বিদেশে জব্দ হওয়া ইরানের অর্থ ফেরতের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাচ্ছে। 

সম্প্রতি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এই আলোচনা চালিয়ে যাচ্ছে। শান্তি আলোচনায় অগ্রগতির ওপরই নির্ভর করছে চলমান সংঘাতের ভবিষ্যৎ।বৈঠকের ফলাফল আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে।