মে ২৫, ২০২৬, ১১:৩০ পিএম
ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি কোনোভাবেই বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই প্রযুক্তির উন্নয়নে তারা অর্থ ব্যয় করা অব্যাহত রাখবে এবং এ বিষয়ে অন্য কারও অনুমতির প্রয়োজন নেই।
রোববার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।নিজেদের সামরিক সক্ষমতা বজায় রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বাঘাই আরও জানান, ইরান যদি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে না তুলত, তবে প্রভাবশালী শক্তিগুলো দেশটিতে আধিপত্য বিস্তার করত। সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ বহাল থাকবে। তিনি শান্তিচুক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দীর্ঘমেয়াদী আলোচনার কথা বলেছেন।এখন পর্যন্ত কোনো বড় অগ্রগতির আশা দেখছে না ট্রাম্প প্রশাসন।ইরানের কঠোর অবস্থান ও যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো জটিল।
দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল থাকায় সম্ভাব্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তবে সামরিক সক্ষমতা বাড়ানোর এই ঘোষণায় আন্তর্জাতিক মহলে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষার দোহাই দিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।এখন দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর বিশ্ববাসীর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন