বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানের নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ১০:২৩ এএম

ইরানের নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আজ শনিবার তিনি এই ঘোষণা দেন। গত মাসে ইরানের ওপর এই অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।এ জন্য সম্ভাব্য চুক্তিতে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের শর্ত অনুযায়ী ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে কোনো ধরনের মাশুল ছাড়া উভয় দিক থেকে অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। প্রণালিতে যদি কোনো মাইন থেকে থাকে তবে সেগুলোও দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন বাহিনী ইতোমধ্যে সেখানে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান যে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। এর ফলে বর্তমানে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবে। প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করা হবে বলে জানানো হয়।