বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৯:৪২ এএম

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরাক বা ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর জড়ানো উচিত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাকালে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। সাক্ষাৎকারে অতীতের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইরাকে অতীতে যা ঘটেছে তা আপনারা সবাই দেখছেন এবং সেখানে মার্কিন বাহিনী অত্যন্ত খারাপ করেছে।যুক্তরাষ্ট্র সেখানে যা করেছে তা ছিল মূলত খুবই বোকার মতো কাজ।

সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, প্রথমত আমাদের ওই দেশের মাটিতে যাওয়াই মোটেও উচিত হয়নি। এরপর ইরানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ইরানে থাকা উচিত হয়নি, তবে ইরানের সেই সামরিক সক্ষমতা রয়েছে। আমরা যদি আজ থেকে ঠিক নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর শক্ত হামলা না করতাম, তবে এই মুহূর্তে নিশ্চিতভাবেই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। আর তেমনটি হলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।সম্ভবত তখন আপনারা ইসরাইলকে পেতেন না, এমনকি মধ্যপ্রাচ্যকেও পেতেন না।

পারমাণবিক অস্ত্র তৈরি করার পর তারা সেখান থেকে আর কোথায় যেত তা নিয়ে বড় প্রশ্ন তোলেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই ইরানের মূল সামরিক বাহিনীকে বড় কোনো ক্ষয়ক্ষতি থেকে রেহাই দিয়েছে। তাদের রাষ্ট্রীয় সামরিক বাহিনীকে আমরা এক প্রকার স্পর্শই করিনি, কারণ আমরা মনে করি তাদের নিয়মিত সামরিক বাহিনী কিছুটা নরমপন্থি। তবে তাদের দেশে অন্যান্য কিছু বিপজ্জনক লোকজন রয়েছে যারা মোটেও নরমপন্থি নয়।

আমরা মূলত তাদেরই লক্ষ্যবস্তু করেছি এবং প্রশাসনের নেতৃত্বের বিভিন্ন স্তরকে সেখান থেকে সরিয়ে দিয়েছি। তবে তাদের মূল সামরিক বাহিনীকে আমরা আসলে কিছুই করিনি বলে ট্রাম্প উল্লেখ করেন। তিনি বলেন, সাধারণ মানুষ হয়তো আমার এই কথা শুনে অনেক অবাক হবে। কারণ যুদ্ধে এমন কিছু বড় ভুল হয়ে থাকে যেখানে আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেন এবং এর ফলে এমন একটি দেশের সৃষ্টি হয় যা হয়তো পরবর্তী ৪০ বছরেও আর পুনর্গঠিত হতে পারে না।