জুন ৮, ২০২৬, ১০:৫০ পিএম
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এতে আরও ১৩৪ জন আহত হয়েছেন। সোমবার সকালে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফিলিপিন্সের সারাঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর কম্পন পুরো মিন্দানাও দ্বীপজুড়ে অনুভূত হয়। এমনকি ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার মানাদো শহরেও কম্পন টের পাওয়া গেছে।
নিহতদের বেশিরভাগই ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষে চাপা পড়ে বা ভূমিধসে প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, তবে কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্যোগ ঘটে। মিন্ডানাওয়ের বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত ভবন থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন