জুন ২৩, ২০২৬, ০৮:২২ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে এই সরকারি ছুটি কার্যকর থাকবে।
খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা এই তিন দিনে সম্পন্ন হবে।দাফন-অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হাসান হাসানযাদেহ জানিয়েছেন, শহীদ নেতার প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজার অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই সম্পন্ন হবে দাফন কার্য। এ কারণে তেহরান প্রদেশে এই তিন দিন সাধারণ ছুটি থাকবে। তবে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, ৬ জুলাই খামেনির দাফনের দিন পুরো দেশজুড়ে সরকারি ছুটি পালন করা হবে।
খামেনির মৃত্যুর পর থেকে ইরানজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে। উল্লেখ্য, চলতি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে নিহত হন দেশটির এই সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন