বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন নেতা আলি খামেনি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১০:১৭ এএম

মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন নেতা আলি খামেনি

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর মাশহাদে মানুষের ঢল নেমেছে। ইরাকের কারবালা ও নাজাফের আনুষ্ঠানিকতা শেষে তার কফিন ইরানে ফিরিয়ে আনা হয়েছে এবং শেষ জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে রাখা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সে আলি খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরান শাসন করে আসছিলেন। একই হামলায় তার মেয়ে বুশরা খামেনি ও ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানিসহ পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। নিরাপত্তাঝুঁকির কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি শোকের আনুষ্ঠানিকতায় সরাসরি উপস্থিত হতে পারেননি।

গত কয়েক দিন ধরে তেহরান, কোম এবং ইরাকের বিভিন্ন স্থানে জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের সবচেয়ে পবিত্র উপাসনালয় ‘ইমাম রেজার মাজারে’ তাকে সমাহিত করা হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী তাকে এখানে দাফন করা হচ্ছে, যেখানে এর আগে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ ইরানের অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব সমাহিত আছেন।

১৯৩৯ সালে জন্মগ্রহণ করা আলি খামেনিকে দাফনের জন্য তার জন্মস্থান মাশহাদকে বেছে নেওয়া হয়েছে। শিয়া ধর্মাবলম্বীদের কাছে এই শহর অত্যন্ত পবিত্র এবং এখানে ইমাম রেজার কবর অবস্থিত। দীর্ঘ যুদ্ধের পর এই আনুষ্ঠানিকতার মাধ্যমে তেহরান নিজেদের জাতীয় ঐক্য ও শক্তি প্রদর্শন করতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন। খামেনির সঙ্গে তার পরিবাররে নিহত সদস্যদেরও একই মাজারে সমাহিত করা হচ্ছে।