বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হরমুজ প্রণালিতে নতুন অবরোধ ইরানে যুক্তরাষ্ট্রের টানা তৃতীয় রাতের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১০:০৫ এএম

হরমুজ প্রণালিতে নতুন অবরোধ ইরানে যুক্তরাষ্ট্রের টানা তৃতীয় রাতের হামলা

হরমুজ প্রণালিতে উত্তেজনা। (ছবি: সংগৃহীত)

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নতুন মাত্রায় তীব্র হয়েছে। আর এর মধ্যেই টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে মার্কিন বাহিনী ইরানে তাদের সর্বশেষ হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরীহ বেসামরিক মানুষ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আধা-সরকারি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, সোমবার রাতভর দেশটির দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বন্দরনগরী বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশের জাম শহরও রয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একটি গোলা আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ইরানি বাহিনী হরমুজ প্রণালিতে চলাচলকারী কয়েকটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ জাহাজে হামলা চালিয়েছে এবং বন্দর আব্বাসের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আটজন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বিস্তৃত প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, সোমবার তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাংক, পর্যবেক্ষণ টাওয়ার ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। এর আগে সোমবার বাহরাইন, জর্ডান ও কুয়েতেও নতুন করে হামলা চালিয়েছিল ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ জুলাই কংগ্রেসকে জানিয়েছেন, ৭ জুলাই থেকে ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ইরানের বন্দরগুলোর ওপর পুনর্বহাল করা নৌ অবরোধ কার্যকর হবে। ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে সন্দেহভাজন জাহাজে তল্লাশি চালানো হবে এবং নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

তথ্য:আল জাজিরা